ঢাকা টাইমসের প্রতিবেদন অনুযায়ী, পুলিশ সদরদপ্তরের সাবেক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) প্রলয় কুমার জোয়ারদারসহ মোট ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে সরকার। এছাড়া একজন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক সাতটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছে: প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক উপ-পুলিশ কমিশনার মো. নাজমুল ইসলাম, গাইবান্ধা ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম, সুনামগঞ্জ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার রুবাইয়াত জামান, পুলিশ অধিদপ্তরে সংযুক্ত সহকারী পুলিশ সুপার মো. সরোয়ার কবীর সোহাগ এবং এপিবিএন-২ এর সাবেক সহকারী পুলিশ সুপার মো. আরিফুজ্জামান।

এছাড়া রংপুর রেঞ্জ ডিআইজি অফিসের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওবায়দুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ২০১৭ সালের ২৯ মে থেকে ছুটি বা অনুমতি ছাড়াই তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তাকে কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হলেও তিনি তা মানেননি। পরে তার বিরুদ্ধে অসদাচরণ ও পলায়নের অভিযোগে বিভাগীয় মামলা করা হয়।

বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়, কিন্তু তিনি জবাব দেননি। এরপর সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ নিয়ে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।