ঢাকা পোস্টের প্রতিবেদনে জানা যায়, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিক বিক্ষোভের জেরে গাজীপুরের কোনাবাড়ী ও কালিয়াকৈর এলাকার ১৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে এসব এলাকার ২৭টি কারখানায় সাধারণ ছুটি দেওয়া হয়েছে।
সোমবার সকালে সরেজমিনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী, মৌচাক, সফিপুর ও পল্লীবিদ্যুৎসহ আশপাশের বেশ কয়েকটি কারখানার ফটকে বন্ধের নোটিশ দেখা যায়। সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকেরা এসব নোটিশ প্রত্যক্ষ করেন।
ঢাকা পোস্ট জানায়, মহাসড়ক অবরোধমুক্ত থাকলেও কোনাবাড়ী এলাকার দু’টি কারখানায় সকালে শ্রমিক অসন্তোষ দেখা দিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ১৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে এবং ২৭টিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে কারখানাগুলোতে পুনরায় উৎপাদন শুরু হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কালিয়াকৈরের বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন।







