সরকারের দুর্বলতার সুযোগে আওয়ামী লীগ দেশে নাশকতা চালানোর সাহস পাচ্ছে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। ইনডিপেনডেন্ট টিভির প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে ‘আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে’ আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন।
আখতার হোসেন বলেন, আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় দেশে আবারও মানুষ পোড়ানোর রাজনীতি ফিরে আসছে। বিরোধীদলীয় জোটের এই নেতার অভিযোগ, সরকার বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসের ঘটনাগুলোতে দায়মুক্তি নেওয়ার চেষ্টা করছে।
সভায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে যারা আগুন দিয়েছে তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান এনসিপির নেতাকর্মীরা। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আহ্বান জানান তারা। এসময় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগও দাবি করা হয়।
পরে বাংলামোটর এনসিপির কার্যালয়ের সামনে মশাল মিছিল করেন এনসিপির নেতাকর্মীরা, যা পরে শাহবাগে গিয়ে শেষ হয়।
অন্যদিকে, একই দিনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী শাহবাগে আয়োজিত এক সমাবেশে বলেছেন, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যাবে না। প্রথম আলো ও ইত্তেফাকের প্রতিবেদন অনুযায়ী, বিকেল সাড়ে চারটার দিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বটতলায় আয়োজিত এই সমাবেশে তিনি আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দেন।







