মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলনের ফলে উৎপাদন ব্যাহত হওয়া ও উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার কারণে বাংলাদেশ থেকে তৈরি পোশাকের ক্রয়াদেশ এশিয়ার অন্যান্য দেশে চলে যাচ্ছে। প্রথম আলোর প্রতিবেদনে জানানো হয়, এই পরিস্থিতির সুযোগ নিয়ে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে প্রতিবেশী দেশ ভারত।
তৈরি পোশাকশিল্পের মালিকদের তথ্যানুযায়ী, চলতি নভেম্বরের ১ থেকে ১৮ তারিখের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে। জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেনসার ও সেলিওর মতো বৈশ্বিক ফ্যাশন ব্র্যান্ডগুলো তাদের মাসিক ক্রয়াদেশের প্রায় ১০ শতাংশ অন্যান্য দেশে সরিয়ে নিয়েছে। এসব কাজ ভারতের পাশাপাশি ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ায় স্থানান্তর করা হচ্ছে।
পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর হিসাব অনুযায়ী, মজুরি বৃদ্ধির দাবিতে সৃষ্ট শ্রম অসন্তোষের কারণে কারখানাগুলোতে ৪০ কোটি ডলারের বেশি মূল্যের উৎপাদন ক্ষতি হয়েছে। বিজিএমইএর পরিচালক এম মহিউদ্দিন চৌধুরী জানান, কাঁচামালের দাম, জ্বালানিসংকট ও মজুরি বৃদ্ধির চাপে কারখানাগুলোর উৎপাদন ব্যয় বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি পণ্য পৌঁছানোর সময়সীমা রক্ষায় ভারতসহ অন্যান্য প্রতিযোগী দেশগুলো বাংলাদেশ থেকে এগিয়ে থাকায় আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো অন্য দেশের দিকে ঝুঁকছে।







