সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে সেনা, বিমান ও নৌবাহিনী প্রধান মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য ও তাঁদের নিকটাত্মীয়দের সংবর্ধনা করেন। একই অনুষ্ঠানে শান্তিকালীন সময়ে বিভিন্ন বীরত্বপূর্ণ ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ ২৪ জন সেনাসদস্যকে পদক প্রদান করা হয়েছে। পদকপ্রাপ্তদের মধ্যে ৭ জন সেনাবাহিনী পদক (এসবিপি), ৪ জন অসামান্য সেবা পদক (ওএসপি) এবং ১৩ জন বিশিষ্ট সেবা পদক (বিএসপি) পেয়েছেন।

একই দিন ঢাকার তেজগাঁওয়ে বিএএফ শাহীন হলে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিমানবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারী, এবং ঐতিহাসিক কিলো ফ্লাইটের সদস্যদের সংবর্ধনা দিয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের তথ্যমতে, মোট ৩৬ জনকে এই সংবর্ধনা দেওয়া হয়েছে।

অন্যদিকে, নৌবাহিনী সদর দপ্তরের সাগরিকা হলে নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৪০ জন সদস্যকে শান্তিকালীন পদক প্রদান করেন।

এ সব অনুষ্ঠানে সেনাপ্রধান, বিমান ও নৌবাহিনী প্রধান সংবর্ধনপ্রাপ্তদের সঙ্গে কুশল বিনিময় করেছেন।