দেশ রূপান্তরের খবর অনুযায়ী, আজারবাইজানের হবসান কমপিটিশন কমপ্লেক্সে অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভালের ম্যাচে দারুণ শুরু পেয়েও পর্তুগালের কাছে ৩-১ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল।
ম্যাচের প্রথম মিনিটে কাউন্টার অ্যাটাকে ফরোয়ার্ড মোহাম্মদ বায়জিদের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে এই ছন্দ বেশি সময় ধরে রাখতে পারেনি আকবর হোসেন রিদনের শিষ্যরা। পরে ভুলের মাশুল দিয়ে তিন গোল হজম করে তারা।
৭ মিনিটে ডিফেন্ডার আরশি আজিমের ভুলে আত্মঘাতী গোল পেয়ে সমতায় ফেরে পর্তুগাল। ১২ মিনিটে মিডফিল্ডার রুবেন কুইরোজের গোলে এগিয়ে যায় পর্তুগিজরা। দ্বিতীয়ার্ধের শেষ দিকে গোলকিপার সায়েদ রায়াতের ভুলে তৃতীয় গোলটি হজম করে বাংলাদেশ।
এই ম্যাচের পর দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে আছে পর্তুগাল। একটি করে হার ও ড্রয়ে ১ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পরবর্তী ম্যাচ রবিবার ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে।







