লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বাংলা ট্রিবিউন। সোমবার (২৩ নভেম্বর) রাতে উপজেলার মণ্ডলতলী বাজারসংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। অগ্নিসংযোগের পর পালিয়ে যাওয়ার সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ধাওয়া করে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় বাসিন্দারা।

বাংলা ট্রিবিউন ও ইত্তেফাকের প্রতিবেদন অনুযায়ী, ওই শাখাটির নাম কেরোয়া শাখা। তবে আজকের পত্রিকা ব্যাংকটির শাখাটিকে 'মীরগঞ্জ শাখা' হিসেবে উল্লেখ করেছে। ঢাকা ট্রিবিউন বাংলার প্রতিবেদনে বলা হয়, সোমবার আনুমানিক রাত ১২টার দিকে রায়পুর-মীরগঞ্জ সড়কে অবস্থিত ব্যাংক শাখায় অগ্নিসংযোগ করা হয়।

আটক হওয়া তরুণের নাম ইমন হোসেন। তিনি উপজেলার কেরোয়া ইউনিয়নের লুধুয়া গ্রামের খোকা আমিনের ছেলে এবং কেরোয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে জানিয়েছে বাংলা ট্রিবিউন ও আজকের পত্রিকা।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে বাংলা ট্রিবিউন জানায়, সিসিটিভি ফুটেজে এক যুবককে ব্যাংকের গেটে পেট্রোল ঢেলে আগুন দিতে দেখা যায়, আর অপর এক যুবক পাশের সড়ক থেকে তা ভিডিও করছিলেন। আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ইমনকে ধরে ফেলেন, তবে তাঁর সঙ্গে থাকা অন্য দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হন। স্থানীয় বাসিন্দারা ধোঁয়া দেখতে পেয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং ইমনকে পুলিশের কাছে সোপর্দ করেন।

গ্রামীণ ব্যাংকের কেরোয়া শাখার ব্যবস্থাপক আব্দুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, এর আগে গত বুধবার রাতেও এই শাখা কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছিল।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন বাংলাকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আটক ইমন হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।