আজকের পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, রাজশাহীর নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের শিক্ষার্থী আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্যের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিখা সরকার স্বাক্ষরিত এক চিঠিতে শিক্ষার্থীর মন্তব্যকে ‘হিংসাত্মক ও আক্রমণাত্মক’ হিসেবে উল্লেখ করা হয়েছে। একই দিন অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

চিঠিতে বলা হয়, ইতিহাস বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী মো. আবু বকর সিদ্দিক প্রধানমন্ত্রীর সফরসংক্রান্ত একটি ছবির নিচে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেন। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে গ্রেপ্তার করেছে।

ইতিহাস বিভাগের প্রধান ড. শাহনাজ পারভিন বলেন, আবু বকর সিদ্দিকের কাজকে গর্হিত অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষ সরাসরি ব্যবস্থা নিতে না পারায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ২০ অক্টোবর রাজশাহী সফরে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান রুয়েটের গাড়িতে চলাচল করেন। ওই সফরের একটি ছবি ফেসবুকে প্রকাশ হলে ‘এমডি আবু বকর সিদ্দিক’ নামের একটি আইডি থেকে মন্তব্য করা হয়, ‘ইস একটা বড় সুযোগ ছিল, শুধু একটা স্নাইপার এর অভাব ছিল।’

গত ২২ অক্টোবর তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজশাহীর পবা উপজেলার ঘোলহাড়িয়া দক্ষিণপাড়া গ্রামের মামার বাড়ি থেকে আবু বকর সিদ্দিককে আটক করা হয়। এর আগে রাজশাহীর কেচুয়াতৈল এলাকার বাড়ি থেকে তাঁর বাবা আয়নাল হককে হেফাজতে নেওয়া হয়, পরে তাঁকে পরিবারের জিম্মায় দেওয়া হয়।

আবু বকরের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। গত শুক্রবার (২৩ অক্টোবর) তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আজ রোববার জিজ্ঞাসাবাদের জন্য তাঁর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।