জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল চার্চ অব ইংল্যান্ডের ফরেন পলিসি এ্যাডভাইজার ড. চার্লস রীডের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষায় ব্রিটিশ হাইকমিশনের গভর্ন্যান্স এ্যাডভাইজার শাহনাজ করিম, সোশ্যাল ডেভেলপমেন্ট এ্যাডভাইজার তাহেরা জাবীন, এফওআরবি প্রজেক্টের ন্যাশনাল কো-অর্ডিনেটর রুহী নাজ ও সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শশাঙ্ক বরণ রায় উপস্থিত ছিলেন।
সাক্ষায় ড. চার্লস রীড বলেন, সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত দুর্গাপূজায় সরকারের সহযোগিতা ও নিরাপত্তার জন্য সর্বমহলে প্রশংসা হয়েছে। তিনি বলেন, সকল ধর্মের মানুষের আচার-অনুষ্ঠান পালনের সুযোগ নিশ্চিত করা গণতান্ত্রিক সরকারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এ লক্ষ্যে বাংলাদেশ জাতীয় সংসদে একটি ‘ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতা বিষয়ক পার্লামেন্টারি ককাস’ গঠনের বিষয়ে ডেপুটি স্পিকারের সঙ্গে মতবিনিময় করেন।
ব্যারিষ্টার কায়সার কামাল বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সংবিধান প্রত্যেক নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করেছে। তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সহনশীলতা সমুন্নত রাখতে সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পার্লামেন্টারি ককাস গঠন একটি চমৎকার উদ্যোগ হতে পারে। তিনি আরও বলেন, বর্তমান সংসদে সকল সদস্যের মতামত ও কণ্ঠস্বরকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সাক্ষায় উভয় পক্ষ বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সম্পর্ক ও সহযোগিতা জোরদার করার আশা ব্যক্ত করেন।







