ইত্তেফাকের খবর অনুযায়ী, রাজধানী মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রকাণ্ডে পদত্যাগ করা ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য সংরক্ষিত আসনের উপনির্বাচনে বিএনপির এলিজা জামান মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ হয়েছেন। ফলে একক প্রার্থী হিসেবে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করতে যাচ্ছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) মনোনয়নপত্র বাছাই শেষে নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন। গত সোমবার এলিজা জামান রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং পিরোজপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক।

রিটার্নিং কর্মকর্তা জানান, মনোনয়নপত্র জমার নির্ধারিত দিনে এলিজা জামান মনোনয়নপত্র জমা দিয়েছেন। জমা দেওয়ার শেষ দিন একটি মনোনয়নপত্রই ইসি পেয়েছে। এলিজা একক প্রার্থী হওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

তপশিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ১ নভেম্বর। এই সময় শেষে তাকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করবে ইসি। গত ১ অক্টোবর ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের ফলে আসনটি শূন্য হয়ে যায়। তিনি বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি ছিলেন।