দেশ রূপান্তর জানিয়েছে, রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় এশিয়ান ইউনিভার্সিটির একটি বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নারীসহ চারজন নিহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উল্টো পথে আসা বাসটি অটোরিকশাকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। নিহতদের মরদেহ শাহআলী থানার উপপরিদর্শক আরিফুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।

শাহআলী থানার ওসি মো. রাজিব হোসেন জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় বাসচালককে আটক এবং বাসটি জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বুধবার ভোর সাড়ে ৬টার দিকে মিরপুরের শাহআলী থানাধীন দিয়াবাড়ির নবাবেরবাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এলাকাবাসীর অভিযোগ, মিরপুর বেড়িবাঁধে চলাচলকারী বাসগুলো প্রায়ই বেপরোয়া গতিতে চলাচল করে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের বাসগুলোর বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে।