সাপের কামড়ের চিকিৎসা উন্নত করা, দেশে অ্যান্টিভেনম উৎপাদন এবং সাপের কামড়ে মৃত্যু কমানোর লক্ষ্যে সরকার প্রায় ৪৪ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে। বাসস জানিয়েছে, প্রকল্পের আওতায় চট্টগ্রাম মেডিকেল কলেজে অবস্থিত ভেনম রিসার্চ সেন্টার বাংলাদেশকে (ভিআরসি,বি) আরও শক্তিশালী করা হবে। এর মাধ্যমে কেন্দ্রটিকে পূর্ণাঙ্গ জাতীয় ভেনম গবেষণা কেন্দ্রে (এনভিআরসি) উন্নীত করা হবে।
‘স্ট্রেংদেনিং অব ভেনম রিসার্চ সেন্টার, বাংলাদেশ’ শীর্ষক তিন বছর মেয়াদি প্রকল্পটি ২০২৬ সালের জুলাই থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর এই প্রকল্প বাস্তবায়ন করবে। প্রকল্পের ব্যয় হবে ৪৩ কোটি ৯৯ লাখ টাকা, যা সরকার পুরোপুরি অর্থায়ন করবে।
প্রকল্পের আওতায় চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রোটিন ল্যাবের সঙ্গে সহযোগিতার পরিকল্পনা রয়েছে। এতে কার্যকর আন্তঃপ্রাতিষ্ঠানিক গবেষণা নেটওয়ার্ক গড়ে উঠবে।
বাসসের সঙ্গে আলাপকালে ভিআরসি,বি-এর প্রধান গবেষক অধ্যাপক ডা. অনিরুদ্ধ ঘোষ বলেন, বর্তমানে কেন্দ্রটিতে ৩ হাজার বর্গফুট জায়গাজুড়ে একটি সর্পশালা, ইঁদুর প্রজনন কক্ষ, সাপের চিকিৎসাকেন্দ্র, কোয়ারেন্টাইন কক্ষ এবং গবেষণাগার রয়েছে। কেন্দ্রটিতে বাংলাদেশের প্রায় সব ভৌগোলিক অঞ্চল থেকে সংগৃহীত ৩৭০টিরও বেশি সাপের নমুনা রয়েছে। বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে কেন্দ্রটিতে বন্দি অবস্থায় থাকা ১১ প্রজাতির সাপ থেকে এ পর্যন্ত ১ হাজার ৫০৪ দশমিক ৭৮ গ্রাম বিষ সংগ্রহ করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের ২০২২ সালের দেশব্যাপী জরিপ অনুযায়ী, বাংলাদেশে বছরে আনুমানিক চার লাখ মানুষ সাপের কামড়ের শিকার হন এবং প্রায় ৭ হাজার ৫০০ জন মারা যান। বর্তমানে ব্যবহৃত অ্যান্টিভেনম ভারত থেকে আমদানি করা হয় এবং মূলত সে দেশের চারটি বিষধর সাপের বিষের বিপরীতে তৈরি। ফলে এই অ্যান্টিভেনম বাংলাদেশে পাওয়া যায় এমন বেশ কিছু বিষধর সাপের বিষের বিরুদ্ধে পুরোপুরি কার্যকর হয় না; এর কার্যকারিতা মাত্র ৪০ থেকে ৬০ শতাংশ। এই পরিস্থিতি দেশীয় প্রজাতির সাপের বিষের বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে স্থানীয়ভাবে অ্যান্টিভেনম তৈরির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।







