মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ প্রচলিত প্রক্রিয়া অনুযায়ী খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (২৫ নভেম্বর) মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য নিশ্চিত করেছেন বলে চ্যানেল ২৪ ও সারাবাংলার প্রতিবেদনে জানানো হয়েছে।
সংবাদ ব্রিফিংয়ে আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার বাংলাদেশে ফেরার বিষয়ে জানতে চাওয়া হলে রণধীর জয়সওয়াল বলেন, এটি সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ সরকারের মধ্যকার নিজস্ব বিষয়। এ নিয়ে ভারতের আলাদা কিছু বলার নেই। তবে প্রয়োজনীয় ভ্রমণ নথিপত্রসহ কোনো নাগরিকের স্বেচ্ছায় দেশে ফেরার বিষয়টি এবং আনুষ্ঠানিকভাবে করা প্রত্যর্পণ অনুরোধ দুটি সম্পূর্ণ পৃথক বিষয় বলে তিনি স্পষ্ট করেন।
এছাড়া বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে রণধীর জয়সওয়াল ভারতের উদ্বেগের কথা প্রকাশ করেন। সারাবাংলার প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার প্রতিটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে জড়িতদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র।







