আজকের পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, কিশোরগঞ্জের কটিয়াদীতে জামায়াত নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনের বড় ছেলে শাহরিয়ার জামানকে (৪০) ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গচিহাটা বাজারে এ ঘটনা ঘটে।
আহত শাহরিয়ার জামানকে স্থানীয়রা উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।
রাত পৌনে ১০টার দিকে মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করেন মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। তিনি জানান, বুধবার সন্ধ্যায় গচিহাটা বাজারে গিয়েছিলেন তাঁর ছেলে শাহরিয়ার। এ সময় দুর্বৃত্তরা অতর্কিতভাবে তাঁকে ছুরিকাঘাত করে। আখতারুজ্জামান বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। ঘটনার বিস্তারিত খোঁজ নিয়ে জানাবেন বলে জানান তিনি।
এ বিষয়ে কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা প্রাথমিকভাবে জানা যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, বাংলাদেশ ট্রিবিউন ও চ্যানেল ২৪-এর প্রতিবেদনে মেজর আখতারুজ্জামান রঞ্জনের বর্ণনায় ‘জামায়াতের সহযোগী সদস্য ও সাবেক এমপি’ এবং ‘বীর মুক্তিযোদ্ধা’ উল্লেখ করা হয়েছে, যা আজকের পত্রিকার মূল প্রতিবেদনে নেই।







