সমকালের প্রতিবেদন অনুযায়ী, দৈনিক কালবেলার গাজীপুর জেলা প্রতিনিধি মহিন উদ্দিন রিপনকে অপহরণ করে নির্যাতন, এক কোটি টাকা চাঁদা দাবি ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে টঙ্গী সেনাকল্যাণ শপিং কমপ্লেক্সের সামনে থেকে তাঁকে অপহরণ করা হয় বলে অভিযোগে বলা হয়েছে।

মহিন উদ্দিন রিপন দাবি করেন, সংবাদ সংগ্রহ শেষে তিনি সেনাকল্যাণ শপিং কমপ্লেক্সের সামনে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে ৪০-৫০ জন লোক এসে তাঁর চোখ-মুখ বেঁধে জোর করে তুলে নিয়ে যায়। পরে অজ্ঞাত স্থানে আটকে রেখে তাঁর কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করা হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ।

রিপন আরও দাবি করেন, মাদকবিরোধী সংবাদ প্রকাশ না করার হুমকি দেওয়া হয় তাঁকে। এক পর্যায়ে অন্য একটি স্থানে নিয়ে জোর করে উলঙ্গ করিয়ে এক নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ধারণ করা হয়। অভিযুক্তরা হাজির মাজার বস্তির মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে ভবিষ্যতে কোনো ফেসবুক লাইভ বা সংবাদ প্রকাশ করলে ধারণ করা ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় বলে দাবি করা হয়েছে।

প্রায় দুই ঘণ্টা নির্যাতনের এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেললে তাঁকে অজ্ঞাত স্থানে ফেলে রেখে পালিয়ে যায় তারা। পরে আশপাশের মানুষ তাঁকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে তাঁর জ্ঞান ফেরে।

টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান সমকালকে বলেন, ‘ঘটনাটি শুনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’