দেশে ফেরার উদ্দেশ্যে সিঙ্গাপুর বিমানবন্দরে পৌঁছানোর পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে তাকে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ডেলি অবজারভারের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ১৫ নভেম্বর রবিবার স্থানীয় সময় সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে বিমানবন্দরে পৌঁছান ড. মোশাররফ। সেখানে পৌঁছানোর পর তিনি হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ডেইলি অবজারভারকে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। এছাড়া বাংলা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, তার বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষারও এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
ডেলি অবজারভারের তথ্যমতে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে গত ৫ নভেম্বর সিঙ্গাপুরে যান বিএনপির প্রবীণ এই নেতা। সেখানে তার সঙ্গে স্ত্রী বিলকিস আকতার এবং বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার অবস্থান করছেন।







