ঢাকা টাইমসের প্রতিবেদন অনুযায়ী, পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে প্রায় দুই বছর আগে গাইবান্ধার সাইফুল (৩৯) লিবিয়ায় যান। সেখানে মানব পাচারকারী চক্রের হাতে জিম্মি হয়ে যাওয়ায় তার ৭০ বছর বয়সী বাবা আব্দুস সামাদ ছেলেকে ফিরে পেতে বিভিন্ন সময়ে মোট ৫ লাখ টাকা দেন। তবে টাকা দেওয়া সত্ত্বেও পরিবারের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়নি চক্রটি। এরপর ছেলেকে উদ্ধারের কথা বলে আরও ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৫ আগস্ট লিবিয়ার একটি নম্বর থেকে সাইফুলের স্ত্রীকে ফোন করে তাকে আটকে রাখা হয়েছে এবং জীবিত ফিরে পেতে ৩০ লাখ টাকা দিতে হবে বলে জানানো হয়। পরে ১০ থেকে ২৫ আগস্ট পর্যন্ত সুন্দরগঞ্জের বামনডাঙ্গা হল মোড় এলাকার একটি বিকাশের দোকান থেকে অভিযুক্তদের দেওয়া নম্বরে ৫ লাখ টাকা পাঠান পরিবারের সদস্যরা। টাকা পাওয়ার পরও সাইফুলের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হয়নি।
এরপর 'সোহেল' নামে একজন সাইফুলের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে তাকে উদ্ধারের আশ্বাস দিয়ে ঢাকার কদমতলীতে আসতে বলেন, কিন্তু সেখানে গিয়ে তার ফোন বন্ধ পাওয়া যায়। কিছুদিন পর আব্দুস সামাদের সঙ্গে যোগাযোগ করে লিবিয়ায় 'মোকাররম' ও 'আনোয়ার' নামে দুজনের কাছে ছেলেটি আটক রয়েছে জানিয়ে ৪২ লাখ টাকা দাবি করা হয়।
আব্দুস সামাদ ২০২৫ সালের ৫ সেপ্টেম্বর সুন্দরগঞ্জ থানায় মানব পাচার ও প্রতারণার অভিযোগে মামলা করেন। মামলার তদন্তভার নেয় সিআইডির মানব পাচারবিষয়ক শাখা। গত ১২ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুরে নাটোরের সিংড়া বাজার এলাকা থেকে মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত অভিযোগে মো. মনোয়ার হোসেন (৪০) ও মো. সোহেল রানা (৪৫)কে গ্রেপ্তার করা হয়।
সিআইডি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে অন্য জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি লিবিয়ায় সাইফুলকে কোথায় আটকে রাখা হয়েছে তা জানার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সংস্থাটি বিদেশে যাওয়ার আগে এজেন্সি ও ভিসার বৈধতা যাচাই করার পরামর্শ দিয়েছে।







