ঢাকা পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বাবা-মা ও ভাই-বোনের মুখে হাসি ফোটানোর আশায় ৩২ বছর আগে বাহরাইনে পাড়ি জমিয়েছিলেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সাহরাইল গ্রামের লিলুফা বেগম। দীর্ঘ প্রবাসজীবন, পরিবারের সঙ্গে বিচ্ছিন্নতা এবং কারাবাসের অভিজ্ঞতা শেষে গত ১১ নভেম্বর দেশে ফিরেছেন ৫৩ বছর বয়সী এই নারী। তবে শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে তিনি নিজের পরিবারের সদস্যদের নাম বা যোগাযোগের তথ্য ঠিকমতো জানাতে পারেননি।

বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক তাকে জরুরি সহায়তার জন্য ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের কাছে হস্তান্তর করে। ব্র্যাক জানায়, বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সে তাকে উত্তরায় ব্র্যাক লার্নিং সেন্টারে নেওয়া হয়। সেখানে তার ব্যক্তিগত পরিচ্ছন্নতা, পোশাক ও জরুরি সামগ্রী সরবরাহের পাশাপাশি নিরাপদ পরিবেশে থাকা ও পরিচর্যার ব্যবস্থা করা হয়। দীর্ঘক্ষণ কথা বলার পর জানা যায়, তার বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলায়। এই সূত্র ধরে ব্র্যাকের কর্মীরা তার দুই বোনের সন্ধান পান। রাত ১০টার দিকে দুই বোন ঢাকায় এসে পৌঁছান এবং দীর্ঘদিন পর অসুস্থ বোনকে দেখে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন তারা।

লিলুফা বেগমের দুই বোন মাজেদা বেগম ও শামসুন্নাহার জানান, ১৯৯৪ সালে বাহরাইনে যাওয়ার পর প্রায় চার বছর গৃহকর্মী হিসেবে কাজ করেন লিলুফা। প্রথম কয়েক বছর তিনি কোনো টাকা পাননি। পরে পরিবার জানতে পারে, যে দালালের মাধ্যমে তিনি বিদেশে গিয়েছিলেন, সেই দালাল তার উপার্জিত অর্থ রেখে দিতেন। একপর্যায়ে তার ছোট ভাই বাহরাইনে গিয়ে তাকে খুঁজে বের করেন এবং এরপর থেকে ভাইয়ের সঙ্গে বসবাস করতেন তিনি। দেশে থাকা বাবা-মায়ের ভরণপোষণের জন্য নিয়মিত অর্থ পাঠাতেন তিনি।

দুই বোন আরও জানান, প্রায় ১৬ বছর আগে একবার ছুটিতে দেশে এসেছিলেন লিলুফা, পরে আবার বাহরাইনে ফিরে যান। এরপর দীর্ঘদিন পরিবারের সঙ্গে তার যোগাযোগ ছিল না। প্রায় তিন মাস আগে ভাইয়ের মেয়ের বিয়ের সময় বাংলাদেশে আসেন তিনি। তখন পরিবারের সদস্যরা তার খোঁজ জানতে চাইলে ভাই জানান, তিনি মানসিক ভারসাম্য হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। এরপর থেকে তার সঙ্গে পরিবারের আর কোনো যোগাযোগ হয়নি।

ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের সহযোগী পরিচালক শরিফুল হাসান জানান, দুই বোনের দেওয়া তথ্যের ভিত্তিতে তিনি বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মাহফুজুর রহমানের সঙ্গে যোগাযোগ করেন। দূতাবাস থেকে জানা যায়, মানসিক ভারসাম্যহীন অবস্থায় বাহরাইনের পুলিশ তাকে রাস্তা থেকে উদ্ধার করে। বৈধ কাগজপত্র না থাকায় তাকে কারাগারে পাঠানো হয়। পরে ট্রাভেল পাসের মাধ্যমে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। দেশে ফেরত পাঠানোর আগে দূতাবাস থেকে তার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি বোনের দায়িত্ব নিতে রাজি হননি।

শরিফুল হাসান বলেন, আমরা লিলুফাকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছি। তার সুচিকিৎসা নিশ্চিত করাসহ পরবর্তী সময়ে কীভাবে তার পাশে থাকা যায়, তা নিয়ে আমরা কাজ করতে চাই। তিনি উল্লেখ করেন, একজন মানুষ শুধু মা-বাবা ও ভাই-বোনের একটু ভালো থাকার আশায় ৩২ বছর বিদেশে কাটিয়েছেন। এখন বাবা-মা বেঁচে নেই এবং ভাই-বোনের সবার বিয়ে হয়েছে। অথচ জীবনের শেষ পর্যায়ে মানসিক ভারসাম্য হারিয়ে লিলুফাকে বিদেশের রাস্তায় ঘুরতে হয়েছে। দেশে ফিরে এসেও তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না। শারীরিক ও মানসিক দুই দিক থেকেই তিনি অসুস্থ। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক।

শরিফুল আরও বলেন, এ ধরনের অসহায় ও বিপর্যস্ত প্রবাসফেরত মানুষের পাশে রাষ্ট্রসহ আমাদের সবার দাঁড়ানো উচিত। বিদেশ থেকে কেউ অসুস্থ, বিপর্যস্ত কিংবা পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ফিরলে যেন প্রয়োজনীয় চিকিৎসা, পরিচর্যা ও পুনর্বাসন সহায়তা পান, সে জন্য একটি কার্যকর ও সমন্বিত কাঠামো গড়ে তোলা জরুরি।