ডেইলি অবজারভারের প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা মুক্ত প্রবেশ সুবিধা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। ফলে ওই তারিখ থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে ভ্রমণের জন্য ভারতীয় পাসপোর্টধারীদের আগে থেকেই বৈধ ভিসা সংগ্রহ করতে হবে।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, বর্তমান ৩০ দিনের ভিসা অব্যাহতি সুবিধাটির মেয়াদ ২০২৬ সালের ৩১ ডিসেম্বর শেষ হবে। এরপর আগামী ১ ডিসেম্বর থেকে 'মাইভিসা' (MyVISA) অনলাইন পোর্টালের মাধ্যমে ভিসার আবেদন গ্রহণ করা হবে।
প্রতিবেদনে বলা হয়, কিছু ভারতীয় নাগরিক পর্যটক হিসেবে মালয়েশিয়ায় প্রবেশ করে কাজের সন্ধানে লিপ্ত হওয়ায় এবং ভিসা মুক্ত সুবিধার অপব্যবহার করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে করোনা মহামারীর পর পর্যটন ও ব্যবসায়িক যাত্রা উৎসাহিত করতে ২০২৩ সালের ডিসেম্বরে এই ভিসা মুক্ত সুবিধা চালু করেছিল মালয়েশিয়া কর্তৃপক্ষ।






