বাংলা ট্রিবিউন-এর প্রতিবেদন অনুযায়ী, মালয়েশিয়ায় কর্মসংস্থানে যেতে ইচ্ছুক সাধারণ কর্মীদের জন্য মেডিক্যাল পরীক্ষার ফি জনপ্রতি ৮ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় এই তথ্য জানায়।

ফি ও নির্দেশনা

মন্ত্রণালয় জানিয়েছে, মেডিক্যাল টেস্টের জন্য নির্ধারিত ৮ হাজার টাকার অতিরিক্ত কোনো টাকা নেওয়া যাবে না। কর্মীদের মেডিক্যাল টেস্টের ফি বাবদ কোনোক্রমেই ৮ হাজার টাকার বেশি না দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া মেডিক্যাল টেস্টের জন্য কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর সঙ্গে যোগাযোগ না করার জন্যও সতর্ক করা হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো মেডিক্যাল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির অধীনে কাজ করবে না। মালয়েশিয়ার জন্য নির্বাচিত কর্মীরা অনুমোদিত যেকোনো মেডিক্যাল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, যে এজেন্সি মেডিক্যাল স্লিপ করেছে, কিন্তু কর্মী অন্য এজেন্সির মাধ্যমে কাজ করতে সিদ্ধান্ত গ্রহণ করলে সেই আগের এজেন্সি কোনো দেরি না করে মেডিক্যাল রিপোর্ট পাঠিয়ে দেবে। এ ক্ষেত্রে স্লিপ প্রদানকারীর কোনো ওজোর আপত্তি গ্রহণযোগ্য হবে না।

কোনো মেডিক্যাল সেন্টার নির্ধারিত ৮ হাজার টাকার বেশি দাবি করলে বা কোনো ধরনের হয়রানি বা তালবাহানা করলে সঙ্গে সঙ্গে বিষয়টি মন্ত্রণালয়কে জানাতে হবে। এছাড়া মনে রাখতে হবে, মাইগ্রামস (migrams) স্লিপের জন্য কোনো ফি লাগে না।

মন্ত্রণালয় নিয়মিত মেডিক্যাল সেন্টারগুলোর কার্যক্রম মনিটর ও পরীক্ষা করবে। কোনো অনিয়ম বা গরমিল পাওয়া গেলে সংশ্লিষ্ট মেডিক্যাল সেন্টারের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিক্যাল সেন্টারগুলোকে এই নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে।