প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, সিলেট নগরের সুরমা নদী থেকে নিখোঁজের প্রায় ১০ ঘণ্টা পর মঞ্জুশ্রী চক্রবর্তী (৩৩) ও তাঁর ১১ মাস বয়সী মেয়ে জয়স্মিতা বিশ্বাসের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে শিশুটিকে নিয়ে বাসা থেকে বের হওয়ার পর থেকে তাঁরা নিখোঁজ ছিলেন।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে প্রথম আলো ও অন্য সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, জয়স্মিতা তিন মাস বয়স থেকে থ্যালাসেমিয়ায় আক্রান্ত ছিল এবং প্রতি মাসে তাকে রক্ত দিতে হতো। সন্তানের অসুস্থতা ও ভবিষ্যৎ চিকিৎসা নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন মা মঞ্জুশ্রী। স্ত্রী দীর্ঘদিন দুশ্চিন্তায় থাকায় তাঁকে মনোরোগ বিশেষজ্ঞের কাছেও নিয়ে যাওয়া হয়েছিল বলে জানান তাঁর স্বামী জীবনানন্দ বিশ্বাস।
মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে সিলেট নগরের ২৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সুরমার পিরোজপুর আবাসিক এলাকার বাসা থেকে পরিবারের কাউকে কিছু না জানিয়ে মেয়েকে নিয়ে বের হন মঞ্জুশ্রী। পরে সন্ধান না পেয়ে দক্ষিণ সুরমা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর স্বামী। রাতে নগরের মাছিমপুর এলাকায় সুরমা নদীতে দুটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে উদ্ধার কাজ শুরু করে। প্রথম আলোর তথ্য অনুযায়ী দিবাগত রাত সোয়া দুইটায় এবং ঢাকা ট্রিবিউন ও চ্যানেল আইয়ের মতে রাত আড়াইটার দিকে সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা সুরমা নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করেন।
উদ্ধারের পর মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শিপলু চৌধুরী প্রথম আলোকে জানান, পরিবারের সদস্যরা ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করলেও মা-মেয়ের মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত চালাচ্ছে।







