বাসস-এর প্রতিবেদন অনুযায়ী, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে দ্রুততম ২ হাজার রানের জুটির রেকর্ড গড়েছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে মাত্র ৩৪ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেন তাঁরা।

টেস্টের শেষ দিনে ইনিংসের দ্বিতীয় ওভারে দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদাকে চার মেরে এই কীর্তি গড়েন লিটন। ম্যাচ শুরুর আগে মুশফিক ও লিটনের জুটির রান ছিল ১ হাজার ৯৮০। চতুর্থ দিনের শেষ দিকে অবিচ্ছিন্ন ১৩ রান যোগ করে আজ আবার ব্যাটিং শুরু করেন তাঁরা, এরপরই জুটির রান ২ হাজার ছাড়িয়ে যায়।

এখন পর্যন্ত ৩৪ ইনিংসে ৫৯.৬১ গড়ে ২ হাজার ২৭ রান করেছেন এই জুটি। তাঁদের রয়েছে আটটি শতরানের জুটি, যা বাংলাদেশের টেস্ট ইতিহাসে যেকোনো জুটির মধ্যে সর্বোচ্চ। ২০২২ সালে মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে ষষ্ঠ উইকেটে ২৭২ রানের জুটিই তাঁদের সর্বোচ্চ, যা টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ জুটি হিসেবে স্বীকৃত।

মুশফিক ও লিটনের আগে বাংলাদেশের মাত্র দুটি জুটি টেস্টে ২ হাজার রানের মাইলফলক অতিক্রম করেছে। মুশফিক ও সাকিব আল হাসান ৭০ ইনিংসে একসঙ্গে করেছেন ২ হাজার ৮৬৩ রান, অন্যদিকে তামিম ইকবাল ও ইমরুল কায়েস ৫৮ ইনিংসে করেছেন ২ হাজার ৪৩৩ রান। তবে মুশফিক ও লিটন মাত্র ৩৪ ইনিংসেই ২ হাজার রান পূর্ণ করে নতুন রেকর্ড গড়েছেন। মাইলফলক স্পর্শের পর খুব বেশি রান যোগ করতে পারেননি তাঁরা; মুশফিক ২২ রানে এবং লিটন ৩৯ রানে আউট হলে ভাঙে তাঁদের জুটি।