ভারতে সংশোধিত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর বহু মুসলিম নাগরিককে আটক, জিজ্ঞাসাসাবাদ কিংবা বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বলে ইত্তেফাকের এক প্রতিবেদনে জানা গেছে। রয়টার্সের বরাতে ইত্তেফাক ও সমকাল উল্লেখ করেছে, দেশটিতে নাম বাদ পড়া অনেকের কাছেই বৈধ ভারতীয় পরিচয়পত্র রয়েছে, তবুও তাঁরা এমন পরিস্থিতির শিকার হচ্ছেন।

এর একটি দৃষ্টান্ত ৩৮ বছর বয়সী সাহিদা ফকির। গত ১৯ জুলাই মুম্বাইয়ের বাসা থেকে কেনাকাটা করতে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। সাহিদার অভিযোগ, মুম্বাই পুলিশের অপরাধ শাখার সদস্যরা তাঁর মোবাইল ফোন কেড়ে নিয়ে অরক্ষিত সীমান্ত দিয়ে তাঁকে বাংলাদেশে পাঠিয়ে দেন। বর্তমানে তিনি সাতক্ষীরার একটি গ্রামে অবস্থান করছেন। মুম্বাই বিদেশি নিবন্ধন কার্যালয়ের দাবি, তদন্তের সময় সাহিদা একটি বাংলাদেশি জন্মসনদ দেখিয়েছিলেন, যা সাহিদা ও তাঁর পরিবার অস্বীকার করেছে। সাহিদার বাবা-মা ১৯৫২ সাল থেকেই পশ্চিমবঙ্গের ভোটার বলে নথিতে উল্লেখ রয়েছে এবং তাঁর স্বামী জুম্মান ভারতের সুপ্রিম কোর্টে আইনি লড়াই চালাচ্ছেন।

আজকের পত্রিকা ও ইত্তেফাকের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে সাম্প্রতিক ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় প্রায় ১৩ কোটি নাম বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। বিশেষ করে পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে ৯০ লাখ ভোটারের নাম বাদ দেওয়া হয়। কলকাতার 'সবার ইনস্টিটিউট'-এর তথ্য অনুযায়ী, যাচাই শেষে বাদ পড়া ২৭ লাখ নামের প্রায় ৭০ শতাংশই মুসলিম।

আইনবিদদের মতে, কেবল ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লেই কারও নাগরিকত্ব বাতিল হয় না। তবে গত ৫ নভেম্বর হরিয়ানায় এক সমাবেশে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে প্রথমে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে এবং পরে তাঁদের খুঁজে বের করে দেশ থেকে বিতাড়ন করা হবে। শাসকদল বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যে এই তালিকা ব্যবহারের অভিযোগ অস্বীকার করলেও মানবাধিকারকর্মীরা বলছেন, বিচার প্রক্রিয়ার ধীরগতির কারণে ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে।