মধ্যপ্রাচ্য যুদ্ধ চলাকালে ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালীতে হামলার শিকার হয়ে পানামার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কারে আগুন ধরে গেছে। দুটি সামুদ্রিক নজরদারি সংস্থার বরাত দিয়ে বাসস এই তথ্য জানিয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক সামুদ্রিক বাণিজ্য সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, জাহাজটি ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালী অতিক্রম করার সময় একটি অজ্ঞাত প্রক্ষেপক এতে আঘাত হানে। এতে ট্যাঙ্কারটির ইঞ্জিন কক্ষে অগ্নিকাণ্ড ঘটে। নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা ভ্যানগার্ড জানিয়েছে, আক্রান্ত ট্যাঙ্কারটির নাম ‘অন ফিনিক্স’ এবং এটি ওমান উপকূল থেকে তিন সামুদ্রিক মাইল দূরে আঘাতপ্রাপ্ত হয়। তবে উভয় সংস্থাই নিশ্চিত করেছে যে জাহাজের সব নাবিক নিরাপদ রয়েছেন।

সংবাদ সংস্থা বাসসের প্রতিবেদন অনুযায়ী, ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধজুড়ে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাপকভাবে সীমিত করে রেখেছে। অনুমোদন ছাড়া চলাচলকারী জাহাজগুলোকে লক্ষ্য করে সেখানে প্রায়ই হামলা চালানো হচ্ছে।