বাসস-এর প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ রোগের ঝুঁকি ও জটিলতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
আগামীকাল ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা যথাযথ চিকিৎসা ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে সুস্থ ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন। একই সঙ্গে যারা এখনো এ রোগে আক্রান্ত হননি, তাদেরও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ এবং শরীরচর্চার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধে সচেষ্ট থাকা উচিত।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ডায়াবেটিস বর্তমানে বিশ্বব্যাপী অন্যতম প্রধান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। বাংলাদেশেও এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে, যা উদ্বেগের বিষয়। তিনি জানান, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস হৃদযন্ত্র, কিডনি ও চোখসহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত করতে পারে এবং জীবনহানির কারণও হতে পারে। তবে সময়মতো শনাক্তকরণ, সঠিক চিকিৎসা ও স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে এবারও ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের উদ্যোগে দিবসটি জাতিসংঘের স্বীকৃতি লাভ করেছে এবং গত দুই দশক ধরে বিশ্বব্যাপী এটি পালিত হয়ে আসছে। তিনি সমিতির ডায়াবেটিস প্রতিরোধ, চিকিৎসাসেবা সম্প্রসারণ ও গবেষণায় ভূমিকাকে প্রশংসা করেন এবং আগামী দিনেও সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
এবারের বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’।







