দেশ রূপান্তরের খবর অনুযায়ী, ভারতে পলাতক শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা নিয়ে বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত শিরোনামগুলো বিভ্রান্তিকর এবং মূল সূত্রের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। সুজাউদ্দৌলা উল্লেখ করেন, দেশীয় গণমাধ্যমগুলোর শিরোনাম পড়লে মনে হয় শেখ হাসিনা নিজেই রয়টার্সকে দেশে ফেরার কথা জানিয়েছেন। কিন্তু রয়টার্সের প্রতিবেদনের প্রথম বাক্যে স্পষ্ট করা হয়েছে, তথ্যটি এসেছে তার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর বিবৃতি থেকে।
তিনি জানান, রয়টার্সের প্রতিবেদনটি লিখেছেন ভারতীয় সাংবাদিক কৃষ্ণ এন দাস, যা বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৮টা ৫৬ মিনিটে প্রথম প্রকাশিত হয়। প্রতিবেদনটিতে শেখ হাসিনার পক্ষের দাবির পাশাপাশি সমান গুরুত্ব দিয়ে বাংলাদেশ সরকারের অবস্থানও তুলে ধরা হয়েছে। সরকার জানিয়েছে, তিনি কেবল প্রত্যর্পণের মাধ্যমেই দেশে ফিরতে পারবেন।
উপ-প্রেস সচিব অভিযোগ করেন, দেশীয় অনেক গণমাধ্যমের শিরোনামে শুধু ‘বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান’ অংশটি একপক্ষীয়ভাবে উপস্থাপন করা হয়েছে। একই অনুরোধকে সরকার যে অলীক বা ‘ডিলিউশনাল’ বলে নাকচ করেছে, শিরোনামগুলোতে তার কোনো ইঙ্গিত রাখা হয়নি।
সুজাউদ্দৌলা আরও জানান, রয়টার্সের প্রতিবেদনে থাকা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের তিনটি বক্তব্য অনেক দেশীয় গণমাধ্যমে বাদ পড়েছে। রয়টার্সকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, ‘হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত অপরাধী; একজন পলাতক সন্ত্রাসী।’ তিনি আরও বলেন, ‘তিনি কেবল প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই দেশে ফিরতে পারেন; হাতকড়া পরা অবস্থায় এবং কঠোর নজরদারিতে।’ এছাড়া উড়োজাহাজের অনুরোধ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এ ধরনের কোনো অলীক অনুরোধ গ্রহণ করবে না।’
পোস্টে উল্লেখ করা হয়, রয়টার্সের ওই প্রতিবেদনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের বক্তব্যও রয়েছে। তিনি বলেছেন, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামির সরকারের কাছে দেশে ফেরার ব্যবস্থা আশা করা অযৌক্তিক। অন্যদিকে, মন্তব্যের অনুরোধে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
মেট্রিক্স চেম্বারের মাধ্যমে শেখ হাসিনার জাল সই দিয়ে পাসপোর্ট আবেদনের ঘটনার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব বর্তমান বিবৃতিটিকেও একই ধরনের তৎপরতা এবং ভারতীয় সাংবাদিকের লেখা একধরনের ‘স্ট্যান্ডবাজিমূলক প্রতিবেদন’ হিসেবে অভিহিত করেন।







