বাংলা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, কক্সবাজারের টেকনাফে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ঝটিকা মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের গোদার বিল এলাকায় মিছিল ছত্রভঙ্গ করতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় দা দিয়ে মাথায় আঘাত করে টেকনাফ মডেল থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মো. জাফরকে (৪০) গুরুতর আহত করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যুবলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান নুর আলমের নেতৃত্বে মিছিল বের হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মিছিলে বাধা দিলে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় দা দিয়ে আঘাত করে এক পুলিশ সদস্যকে আহত করা হয়। আহত এসআইকে প্রাথমিক চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক অহিদুর রহমান জানান, আহত পুলিশ সদস্যের মাথায় গুরুতর জখম ছিল। ক্ষতস্থানে সেলাই করা সম্ভব না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে অন্যত্র পাঠানো হয়েছে। এ ঘটনায় বিজিবির এক সিপাহীও আহত হয়েছেন বলে জানা গেছে।
এদিকে, একই রাতে টেকনাফের সাবরাং, হোয়াইক্যং ও হ্নীলাসহ বিভিন্ন এলাকায় নিষিদ্ধ যুবলীগ, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মশাল মিছিল বের করার খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে সোমবার রাতে টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশরকে আটকের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তার আটকের প্রতিবাদে মঙ্গলবার রাতেও বিভিন্ন এলাকায় দলটির নেতাকর্মীরা মিছিল ও বিক্ষোভ করেন।







