দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এডহক কমিটির মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক নির্দেশনার বরাত দিয়ে জাতীয় সংবাদ সংস্থা বাসস এ তথ্য জানিয়েছে।

আদেশে বলা হয়, যেসব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এডহক কমিটির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে বা উত্তীর্ণ হতে যাচ্ছে, সেসব কমিটির মেয়াদ উত্তীর্ণের তারিখ থেকে আরও ছয় মাস বাড়ানো হলো। বর্ধিত এই মেয়াদে সংশ্লিষ্ট কমিটির সভাপতি যথানিয়মে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার বিলে স্বাক্ষর করতে পারবেন।

এদিকে ঢাকা টাইমসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনার অনুলিপি দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।