স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, আজ থেকে দেশের ১৩টি সিটি কর্পোরেশনে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হবে। তিনি বলেন, ঢাকার দুই সিটি কর্পোরেশনকে আটটি জোনে ভাগ করে এসব রিকশার চলাচল নিয়ন্ত্রণ করা হবে। জোনভেদে রিকশার আলাদা রং থাকবে।

নিবন্ধন ফি হবে: দুইজন যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন ই-রিকশার এককালীন নিবন্ধন ফি ৮ হাজার এবং বাৎসরিক নবায়ন ফি ৪ হাজার টাকা। চারজন যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন রিকশার এককালীন নিবন্ধন ফি ১০ হাজার টাকা এবং বাৎসরিক নবায়ন ফি ৫ হাজার টাকা। জাতীয় পরিচয়পত্রধারী ব্যক্তি সর্বোচ্চ পাঁচটি ই-রিকশা নিবন্ধন করতে পারবেন।

গতিসীমা নির্ধারণ: প্রতিটি ই-রিকশার অনুমোদিত গতিসীমা ঘণ্টায় ২৫ কিলোমিটারের বেশি হবে না। স্কুল, হাসপাতাল ও জনবহুল স্থানে এই গতিসীমা হবে ঘণ্টায় ১৫ কিলোমিটার। ই-রিকশার অর্থনীতিক লাইফ টাইম ১২ বছর। বর্তমানে চলাচলরত ই-রিকশাগুলো বন্ধ করা হবে না, পর্যায়ক্রমে নিবন্ধন দেওয়া হবে।

অন্যান্য নিয়ম: ই-রিকশাগুলো বুয়েটের অনুমোদিত নকশা অনুযায়ী সংশোধন করতে হবে। বিদ্যুৎ চার্জিং স্টেশন থেকেই চার্জ করতে হবে। সৌরবিদ্যুতে চার্জ করলে অগ্রাধিকার দেওয়া হবে। চালকদের ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক করা হচ্ছে না। অবৈধভাবে চার্জ দেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।