ঢাকা পোস্টের প্রতিবেদন অনুযায়ী, শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় তিন শিশু ও দুই নারীসহ মোট ছয় ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সূত্র জানায়, গত শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পানিহাতা এলাকা থেকে ৩৯ বিজিবি ময়মনসিংহের রামচন্দ্রকুড়া ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে। আটক হওয়া ব্যক্তিদের বাড়ি ভারতের হুগলি জেলার ডানকুনি থানার মনহারপুর মল্লীকপাড়া গ্রামে।

আটক ব্যক্তিরা হলেন: মঞ্জু মুক্তির ছেলে আবিদ মুক্তি (২৬), তার এক বছরের শিশুপুত্র আকিব, আনারুল ইসলামের মেয়ে আনোয়ারা (২০), শেখ রাজার মেয়ে নূরজাহান (২৫), তার দুই বছরের ছেলে সাকিব হাসান শেখ এবং মেহেদী হাসান শেখের ছেলে রাকিব হাসান (৮)।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা ২০২৪ সালে অবৈধভাবে বাংলাদেশের সাতক্ষীরা জেলায় আত্মীয়ের বাড়িতে এসেছিলেন এবং এবার অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল।

তাদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ, ১৯৭৩ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে বিজিবি। সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।