ঢাকা পোস্ট অনুযায়ী, ২৪ জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন চট্টগ্রামে ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ শুরু হচ্ছে।
রোববার (১৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করবে।
গত ১৯ অক্টোবর ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার আবেদন খারিজ করে, একইসঙ্গে আজকের দিনকে সাক্ষ্যগ্রহণের জন্য ধার্য করে। প্রথম সাক্ষীর জবানবন্দির মধ্য দিয়ে মামলাটির সাক্ষ্যপর্ব শুরু হবে।
গ্রেপ্তার পাঁচ আসামি হলেন: চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ ও দেবাশীষ পাল দেবু।
পলাতক অন্য আসামিরা হলেন: সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীন, রেজাউল করিম, মহিউদ্দিন বাচ্চু, হেলাল আকবর, নুরুল আজিম রনি, শৈবাল দাশ সুমন, আবু ছালেক, এসবারুল হক, এইচএম মিঠু, নূর মোস্তফা টিনু, জমির উদ্দিন, ইমরান হাসান মাহমুদ, জাকারিয়া দস্তগীর, মহিউদ্দিন ফরহাদ ও সুমন দে।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২২ আসামির বিরুদ্ধে ৩০ জুন আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। সাক্ষ্যগ্রহণের জন্যও দিন ধার্য করা হয়েছিল। কিন্তু গ্রেপ্তার পাঁচ আসামি এ আদেশের বিরুদ্ধে রিভিউ চেয়ে আবেদন করেন। এরপর ২১ সেপ্টেম্বর প্রথম দিনের মতো শুনানি হয়, ৮ ও ১৩ অক্টোবর আরও দুই দফা শুনানি হয়। ১৯ অক্টোবর তাদের আবেদনটি খারিজ করে দেন আদালত।







