ইত্তেফাক ও চ্যানেল আইয়ের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ভ্রমণের পূর্বে ভিসার নিয়মকানুন ও অনুমোদিত কার্যক্রম ভালোভাবে জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাস। বিশেষ করে বি১/বি২ ক্যাটাগরির ভিজিটর ভিসা ব্যবহার করে কোনো চাকরি বা কর্মসংস্থানমূলক কাজে যুক্ত হওয়া যাবে না বলে সতর্ক করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস থেকে প্রকাশিত এক বার্তায় এই নির্দেশনা দেওয়া হয়।
দূতাবাসের বার্তায় জানানো হয়েছে, বি১/বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কেবল ব্যবসায়িক বৈঠক ও চুক্তি সংক্রান্ত আলোচনায় অংশ নেওয়া যাবে। তবে সরাসরি কোনো কাজ বা চাকরির জন্য সংশ্লিষ্ট কাজের উপযোজী ভিন্ন ক্যাটাগরির ভিসা গ্রহণ করতে হবে।
একই সঙ্গে ভিসার শর্ত যথাযথভাবে মেনে চলার ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি। বার্তায় বলা হয়, ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করার দায়িত্ব সম্পূর্ণভাবে ভ্রমণকারীর নিজের। তাই যুক্তরাষ্ট্র ভ্রমণের পরিকল্পনা করার আগে অনুমোদিত কাজ এবং শর্তাবলি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।







