বাংলা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, দেশের আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, আজ দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) আবহাওয়া অধিদফতরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘণীভূত হতে পারে।

এদিকে দেশের কোথাও গত ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও খবর পাওয়া যায়নি, আবহাওয়া প্রধানত শুষ্ক রয়েছে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল সন্দ্বীপে ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস।

রাজধানী ঢাকায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০.৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় বাতাস উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। এছাড়া গতকাল সন্ধ্যায় ঢাকার আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫২ শতাংশ।