সৌদি আরবে দুই বাংলাদেশির একটি ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ২০২৩ সাল থেকে কারাবন্দি রয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের যুবক সাহাবুদ্দিন শেখ। সমকালের এক প্রতিবেদনে সাহাবুদ্দিনের পরিবারের বরাতে এ তথ্য প্রকাশ করা হয়েছে। একই বিষয়ে বাংলা ট্রিব্রিউনেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

সমকাল জানায়, সাহাবুদ্দিন মুর্শিদাবাদের বলরামপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন পরিযায়ী শ্রমিক। তিনি প্রায় আট বছর ধরে সৌদি আরবে অবস্থান করছিলেন। ভারতীয় সংবাদমাধ্যমের সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, মক্কায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করার সময় দুই বাংলাদেশির একটি ভিডিও ধারণের ঘটনা ঘটে। সেখানে উপস্থিত এক পাকিস্তানি যুবক সাহাবুদ্দিনের মুঠোফোন ব্যবহার করে দৃশ্যটি ধারণ করেন এবং পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

সাহাবুদ্দিনের মা কোহিনুর বিবির ভাষ্য অনুযায়ী, তার ছেলে নিছক মজা করার উদ্দেশ্যে ভিডিওটি প্রকাশ করেছিলেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বন্দি থাকায় তারা বর্তমানে আর্থিক সংকটে পড়েছেন। সম্প্রতি মক্কার একটি মসজিদের পবিত্রতা লঙ্ঘনের অভিযোগে ওই দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের পর সাহাবুদ্দিনের ভবিষ্যৎ নিয়ে পরিবারটি আরও উদ্বিগ্ন হয়ে পড়েছে। ছেলেকে ফিরিয়ে আনতে কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হলেও এখনো কোনো সাড়া পাওয়া যায়নি বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।