চ্যানেল আইর প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির একটি ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের এক যুবক সৌদি আরবে কারাবন্দি রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মুর্শিদাবাদের বলরামপুর গ্রামের বাসিন্দা সাহাবুদ্দিন শেখ পেশায় একজন পরিযায়ী শ্রমিক। দীর্ঘদিন ধরে তিনি সৌদি আরবে কাজ করছেন। মক্কায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করার সময় তার উপস্থিতিতে ওই বাংলাদেশি যুগল পরস্পরকে চুম্বন করেন বলে জানা গেছে। অভিযোগ অনুযায়ী, সে সময় পাকিস্তানের এক যুবক সাহাবুদ্দিনের মোবাইল ফোন ব্যবহার করে ওই দৃশ্যের ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় পরবর্তী সময়ে সাহাবুদ্দিন শেখকে গ্রেপ্তার করা হয়। মুর্শিদাবাদে সাহাবুদ্দিনের পরিবারের দাবি, নিছক মজা করার জন্যই ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন তিনি। ২০২৩ সাল থেকে টানা তিন বছর ধরে তিনি কারাগারে রয়েছেন।
সাহাবুদ্দিনের মা কোহিনুর বিবি জানান, গত আট বছর ধরে সৌদি আরবে কাজ করছিলেন তার ছেলে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন সাহাবুদ্দিন। কিন্তু ছেলে কারাগারে বন্দি থাকায় এখন আর্থিক সংকটে পড়েছে পরিবার। সাহাবুদ্দিনের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত এই মা বলেন, ‘আমার ছেলের কী হবে জানি না। ভয়ে ভয়ে আছি।’
সাহাবুদ্দিনের পরিবার জানিয়েছে, তাকে সৌদির জেল থেকে মুক্ত করে দেশে ফিরিয়ে আনাতে প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে, কিন্তু উত্তর মেলেনি। উল্লেখ্য, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির নাম নজরুল ইসলাম আবদুল বশির এবং সুইটি আখতার। সৌদির বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, মক্কা অঞ্চলে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, মক্কা নগরীর একটি মসজিদের ভিতরে ‘অনৈতিক কাজে লিপ্ত হয়ে মসজিদের পবিত্রতা লঙ্ঘন করা’। দুই বাংলাদেশি নাগরিকের অপরাধ কী ছিল, দণ্ড কী ভাবে কার্যকর হয়েছে, তাঁদের মরদেহ এখন কোথায় এবং বিচারে তাদের পক্ষে কোনও আইনজীবী ছিলেন কি না, এ সব বিষয়ে বিস্তারিত তথ্য চেয়ে সৌদির সরকারকে চিঠি দিয়েছে বাংলাদেশ।






