জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তে আন্তর্জাতিক শূন্যরেখায় টানা পাঁচ দিন ধরে আটকে আছেন আনুমানিক ৩০ বছর বয়সী এক নারী। ভারত বা বাংলাদেশ—কোনো দেশই তাঁকে নিজেদের ভূখণ্ডে নিতে রাজি হয়নি বলে জানিয়েছে ইনডিপেনডেন্ট টিভি।
ইনডিপেনডেন্ট টিভির প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার সকালে পাথরের চর সীমান্ত পিলারের কাছে ওই নারীকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি সদস্য ও স্থানীয় অধিবাসীদের বাধার মুখে তা ব্যর্থ হয়। জিজ্ঞাসাবাদে ওই নারী নিজের পরিচয় বা ঠিকানা সুনির্দিষ্টভাবে দিতে পারেননি এবং অসংলগ্ন কথাবার্তা বলেছেন। এরপর থেকে দুই দেশের সীমান্তরক্ষীদের পাহারা ও বাধার কারণে তিনি আন্তর্জাতিক শূন্যরেখায় খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমানের বক্তব্য নিতে তাঁকে শনিবার দুপুরে ইনডিপেনডেন্ট টিভির পক্ষ থেকে ফোন করা হলেও ফোনটি রিসিভ হয়নি। তবে প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, বিজিবি অধিনায়ক জানিয়েছেন যে বিএসএফ ওই নারীকে পুশইনের চেষ্টা করলেও তা এখন অস্বীকার করছে। অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
সংবাদ মাধ্যমগুলোর তথ্যমতে, সীমান্ত এলাকায় রোদ ও রাতের কুয়াশার মধ্যে খোলা মাঠে বিছানো কম্বলের ওপর অবস্থান করছেন ওই নারী। স্থানীয় বাসিন্দারা তাকে সামর্থ্য অনুযায়ী শুকনা খাবার ও পানি দিচ্ছেন। উভয় দেশের কড়া নজরদারির কারণে তিনি কোথাও যেতে পারছেন না।







