বার্তা২৪-এর খবর অনুযায়ী, নওগাঁ সদর উপজেলায় বিশেষ টাস্কফোর্সের অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৪৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার করেছে। উদ্ধার করা এই মূর্তিটির আনুমানিক জব্দমূল্য ২ কোটি ৪৫ লাখ টাকা।
এ সময় মো. মোস্তাফা আলী (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আজকের পত্রিকা ও ঢাকা ট্রিবিউন বাংলার প্রতিবেদনেও এই ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। আজকের পত্রিকার খবরে জানানো হয়, বুধবার নওগাঁ সদর উপজেলার চক রাজবল্লভ এলাকায় অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার ও ব্যক্তিটিকে আটক করে বিজিবি। আটক মোস্তাফা আলী উপজেলার চক রাজবল্লভ গ্রামের গহির উদ্দিন প্রামাণিকের ছেলে।
নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক আরিফুল ইসলাম মাসুম আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা হয়, মোস্তাফা আলী পাচারের উদ্দেশে একটি মূল্যবান কষ্টিপাথরের তৈরি শিবলিঙ্গ নিজের কাছে রেখেছেন। পরে অভিযানে তাঁর কাছ থেকে ২৪৫ কেজি ওজনের শিবলিঙ্গটি উদ্ধার করা হয়।
বিজিবির এই কর্মকর্তা আরও জানান, উদ্ধার করা শিবলিঙ্গ ও আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকা ট্রিবিউন বাংলার প্রতিবেদনেও উল্লেখ করা হয়, বুধবার (২৮ অক্টোবর) নওগাঁ সদর উপজেলার চক রাজবল্লভ এলাকায় অভিযান চালিয়ে মূর্তিসহ তাকে আটক করা হয়। আটক মোস্তাফা আলী ওই এলাকার বাসিন্দা।






