সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৫১ জন, যাদের মধ্যে ৬৮ জনের শরীরে হাম শনাক্ত করা হয়েছে। এ তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ৩৬১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন এবং সন্দেহজনক হামে মারা গেছেন ১ হাজার ২৫৬ জন।

এদিকে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ২২৯ জন। এই তথ্য ইনডিপেনডেন্ট টিভির সূত্রে জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেটে হাম উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে ১৬৪ জন। এ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে সাড়ে ৫ শতাধিক রোগী।

চিকিৎসকেরা জানান, বেশিরভাগ ক্ষেত্রেই উপসর্গ নিয়ে মারা যাচ্ছে শিশুরা। যাদের বেশিরভাগেরই নিউমোনিয়া, জন্ডিস, হৃদরোগসহ নানা শারিরীক জটিলতায় ভুগছিল। আক্রান্ত ও মারা যাওয়া শিশুদের অধিকাংশই সুনামগঞ্জ, সিলেট ও হবিগঞ্জের প্রত্যন্ত জনপদের। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, টিকাদান কর্মসূচি ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।