শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে নাশকতা ও সহিংসতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) তৎপরতা জোরদার করেছে। ঢাকা টাইমসের তথ্যমতে, গাজীপুরসহ দেশের নয়টি জেলায় বর্তমানে আনসার ব্যাটালিয়নের মোট ৫৯ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন।
এ প্রেক্ষাপটে বিজিবি, পুলিশ, শিল্প পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে সমন্বয় করে শিল্পকারখানার নিরাপত্তা ও উৎপাদন কার্যক্রম সচল রাখা এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা হচ্ছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গাজীপুরের নাওজোর পয়েন্টে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলে আনসার ব্যাটালিয়নের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তা সরিয়ে দিয়েছেন। উত্তেজনাকর পরিস্থিতি মোকাবিলায় বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করা হয়েছে।
এ ছাড়া চান্দনা চৌরাস্তা, মৌচাক, আমবাগকাটা, তেলিরচালা, সফিপুর, সালনা, মাওনা, কোনাবাড়ী ও কাশিমপুরসহ শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, এই ৯ জেলায় মোতায়েন করা ৫৯ প্লাটুনের মধ্যে গাজীপুরে ১৯, গোপালগঞ্জে ১৫, ফরিদপুরে ৫, নারায়ণগঞ্জে ৪, খুলনায় ৪, মাদারীপুরে ৪, শরীয়তপুরে ৪, সাতক্ষীরায় ২ এবং ময়মনসিংহে ২ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।
বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিশেষ স্ট্রাইকিং টিম ও অতিরিক্ত সদস্য প্রস্তুত রাখা হয়েছে। মোতায়েন করা সদস্যদের জরুরি চিকিৎসাসেবা দিতে প্রাথমিক চিকিৎসাসামগ্রী ও মেডিকেল অ্যাসিস্ট্যান্টও রাখা হয়েছে।







