আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে আজ চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন করবেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), ট্রাইব্যুনালের ফেসবুক পেজ ও গণমাধ্যমে এ কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে তার যুক্তিতর্ক উপস্থাপনের কথা রয়েছে।

যুক্তিতর্কে শুধু বাংলাদেশের আইন বা বিচারব্যবস্থার মধ্যেই আলোচনা সীমাবদ্ধ থাকবে না, বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের নৃশংস অপরাধের বিচারে আন্তর্জাতিক ও দেশীয় ট্রাইব্যুনালের নজিরও তুলে ধরবেন তিনি।

এর আগে, এ মামলায় বুধবার দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। আজ সমাপনী পর্যায়ে আসামিকে দোষী সাব্যস্ত করা ও দণ্ডের বিষয়ে যুক্তি উপস্থাপন করা হবে।

মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে। প্রথমটি ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুর সদর থানার পুবাইলে সড়কের পাশে জিয়াউলের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যার। দ্বিতীয় ও তৃতীয় অভিযোগে বরগুনার বলেশ্বর নদী ও বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে মাসুদসহ ৫০ জনকে হত্যার কথা বলা হয়েছে।

এসব তথ্য ঢাকা পোস্টের প্রতিবেদন থেকে।