হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার চুক্তি নিয়ে জাপানি কনসোর্টিয়ামের দেওয়া চারটি বিতর্কিত শর্তে সম্মতি দিয়েছে বাংলাদেশ সরকার। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) আপত্তি থাকা সত্ত্বেও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এসব শর্ত অনুমোদন করেছে বলে আজকের পত্রিকার প্রতিবেদনে জানা গেছে।
অনুমোদিত চার শর্তের মধ্যে রয়েছে—রাজস্ব ভাগাভাগি, বাংলাদেশের আইন পরিবর্তনের ফলে সৃষ্ট পরিস্থিতিতে চুক্তির বিধান প্রয়োগ, নির্মাণত্রুটির দায় বহনের সময়সীমা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কার্যক্রমের ক্ষেত্রে চুক্তির শর্ত প্রয়োগ।
বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনা শেষ হয়েছে এবং সংশোধিত কনসেশন চুক্তিটি ধারা পর্যালোচনার জন্য জাপানি পক্ষের কাছে পাঠানো হয়েছে। পরবর্তীতে চুক্তিটি আইন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য পেশ করা হবে। নির্ধারিত ১৫ নভেম্বরের মধ্যে চুক্তি স্বাক্ষর কঠিন হলেও চলতি নভেম্বরের মধ্যেই পুরো প্রক্রিয়া শেষ হওয়ার আশা করা হচ্ছে।







