তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের লক্ষ্যে মালিক, শ্রমিক এবং নিরপেক্ষ প্রতিনিধিদের সমন্বয়ে একটি ন্যূনতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। জাতীয় বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বাসসের প্রতিবেদন অনুযায়ী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে। এর মধ্যে এক প্রজ্ঞাপনে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) পরিচালক এ বি এম শামসুদ্দিনকে মালিকদের প্রতিনিধি এবং বাংলাদেশ গার্মেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তারকে শ্রমিকদের প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
দৈলি অবজারভারের এক প্রতিবেদনে বলা হয়েছে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মজুরি বোর্ড শাখার উপ-সচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনগুলো বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩৮ ধারার ক্ষমতাবলে জারি করা হয়।
মন্ত্রণালয়ের অপর প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদকে নিরপেক্ষ সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। একই সাথে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব মালিকপক্ষের এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বোর্ডের দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে মালিক, শ্রমিক ও নিরপেক্ষ সদস্যদের সাথে আলোচনা করে পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণের জন্য প্রয়োজনীয় আইনি কার্যক্রম শুরু করার অনুরোধ জানানো হয়েছে।







