বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ৩০ ডিসেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত। নির্ধারিত দিনে সিআইডি প্রতিবেদন দাখিল না করায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন বলে বাসস জানিয়েছে।

প্রথম আলো, ইত্তেফাক ও বাংলা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা ১০০ বারের মতো পেছানো হলো।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জাল সুইফট কোড ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়। এই অর্থ পরে ফিলিপাইনে পাঠানো হয়। দেশের ভেতরের কোনো একটি চক্রের সহায়তায় এই অর্থ পাচার করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

ঐ বছরের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের তৎকালীন উপ-পরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন এবং দণ্ডবিধির ধারায় মামলা করেন। বর্তমানে মামলাটির তদন্ত পরিচালনা করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।