গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়ন বিএনপির ছয় নেতা একযোগে পদত্যাগ করেছেন। দলের বর্তমান কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডে অসন্তোষের কথা জানিয়ে তাঁরা দলীয় পদ এবং প্রাথমিক সদস্যপদ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা নতুন বাজারে এক সংবাদ সম্মেলনে এই পদত্যাগের কথা জানায় তাঁরা। সংবাদ সম্মেলনে তাঁরা দাবি করেন, তাঁদের এই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত ও স্বেচ্ছায় নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে কারও চাপ, প্ররোচনা বা প্রভাব ছিল না।
পদত্যাগকারী নেতাদের মধ্যে আছেন পাটগাতী ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাচ্চু শেখ, দপ্তর সম্পাদক সজীব ফকির, ধর্মবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সহ-কৃষিবিষয়ক সম্পাদক শাহানুর শেখ, ইউনিয়ন বিএনপির সদস্য মো. আফজাল শেখ এবং মোহাম্মদ জামাল মোল্লা।
এই পদত্যাগের ঘটনায় বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে কী ধরনের প্রভাব পড়বে, তা নিয়ে রাজনৈতিক মহলে বিভিন্ন মতামত দেখা দিয়েছে। এর আগেও এই উপজেলায় বিএনপির কয়েকজন নেতাকর্মী পদত্যাগ করেছেন।







