বাসস রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে দেশে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালু হবে। খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী বিভাগে এবং কুমিল্লা জেলায় একটি করে ২০০ শয্যার এই হাসপাতাল চালু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই পাঁচ হাসপাতালের অনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

এসব হাসপাতাল চালু হলে ঢাকার বাইরে শিশুদের উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়বে। একই সঙ্গে গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য রাজধানীমুখী নির্ভরতা কমবে বলে আশা করা হচ্ছে।

বরিশাল, রাজশাহী, রংপুর, খুলনা ও কুমিল্লার পাঁচটি শিশু হাসপাতালের জন্য ১ হাজার ৪৪০টি পদ সৃষ্টি করা হয়েছে। এর মধ্যে উপপরিচালক পদ ৫টি, সহকারী পরিচালক পদ ৫টি, সিনিয়র কনসালটেন্ট পদ ১০০টি, জুনিয়র কনসালটেন্ট পদ ২০০টি, আবাসিক চিকিৎসক পদ ১০টি, আবাসিক সার্জন পদ ১৫টি, আবাসিক মেডিকেল অফিসার পদ ৫টি, মেডিকেল অফিসার পদ ৩২৫টি, সহকারী ডেন্টাল সার্জন পদ ১০টি, ইর্মাজেন্সি মেডিকেল অফিসার পদ ২০টি এবং এনাসথেস্টি’র ২০টি পদ রয়েছে।

হাসপাতালগুলোর কার্যক্রম দ্রুত শুরু করার প্রক্রিয়া এগিয়ে নিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পাঁচটি প্রতিষ্ঠানে উপপরিচালক পদে কর্মকর্তা পদায়ন করেছে। মঙ্গলবার স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে রাজশাহী শিশু হাসপাতালের উপপরিচালক হিসেবে ডা. মো. বেলাল হোসেন, বরিশাল শিশু হাসপাতালে ডা. মো. মজিবর রহমান, রংপুর শিশু হাসপাতালে ডা. মো. মোস্তফা জামান, কুমিল্লা শিশু হাসপাতালে ডা. মো. জহিরুল ইসলাম এবং খুলনা শিশু হাসপাতালে ডা. শওকত আলীকে পদায়ন করা হয়েছে। তাদেরকে ২৯ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রতিটি বিশেষায়িত শিশু হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) সুবিধা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ভবিষ্যতে সম্প্রসারণের সুযোগ রাখা হবে। এছাড়া নিউনেটাল ভেন্টিলেটর, সিটি স্ক্যান, এক্সরে মেশিন ও মাল্টি প্যারামিটার বা কার্ডিয়াক মনিটরসহ চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্র ক্রয়ের প্রক্রিয়া শেষ হয়েছে।

চলতি বছরের ১০ মে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে জরুরি বৈঠকে দেশের ছয় বিভাগে অব্যবহৃত পড়ে থাকা ছয়টি শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দেন। একইসঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হাসপাতালগুলো সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেন। মূলত এরপরই হাসপাতালগুলো চালুর তোড়জোড় শুরু হয়।