ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপির মিছিলে বিস্ফোরক জাতীয় ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। আজকের পত্রিকা অনুযায়ী, রোববার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শহরের জনতা ব্যাংকের মোড়ে এ ঘটনা ঘটে। এতে বিএনপির সক্রিয় কর্মী সুজন বেপারী (৩৫) আহত হন। অন্যদিকে দেশ রূপান্তর ও চ্যানেল ২৪ অনুযায়ী আহতের সংখ্যা তিন জন।
মিছিলের নেতৃত্বে ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন। তাঁরা মিছিল নিয়ে যাচ্ছিলেন বলে দাবি করেছেন। ঠিক জনতা ব্যাংকের মোড়ে পৌঁছালে তাঁদের ওপর ককটেল নিক্ষেপ করা হয়। ঘটনাস্থল থেকে দুজনকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছেন বিক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা। আটককৃতদের মধ্যে রয়েছেন শাওন চৌধুরী ও বাকের আলী মণ্ডল।
আহত সুজন বেপারীকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসক সরোজিৎ দাস জানায়, তাঁর ডান হাত ও দুই পায়ে রক্তাক্ত আঘাত রয়েছে। পুলিশ বলেছে, থানা-পুলিশ হেফাজতে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।






