চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। বাংলা ট্রিবিউনের তথ্যমতে, শুক্রবার (২৭ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটেছে চাঁদপুরের কোর্ট স্টেশনে।

স্টেশন মাস্টার মারুফ হোসাইন জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটি চাঁদপুর কোর্ট স্টেশনে পৌঁছে শেষ গন্তব্য বড় স্টেশনের উদ্দেশ্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ট্রেনের সর্বশেষ বগি থেকে আগুনের ধেয়াঁয়া বের হতে দেখা যায়। ট্রেনের কর্মী, যাত্রী ও স্থানীয়রা দ্রুত পানি দিয়ে আগুন নেভান। এতে বগিটির দুটি আসন পুড়ে গেলেও বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

চাঁদপুর রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে ক্ষতিগ্রস্ত বগিটি পরিদর্শন করে। নির্ধারিত সময় অনুযায়ী ভোর ৫টায় বগিটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

দেশ রূপান্তরের প্রতিবেদনে বলা হয়েছে, মেঘনা এক্সপ্রেস প্রতিদিন ভোর ৫টায় চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে এবং বিকেল সোয়া ৫টায় চাঁদপুরে পৌঁছায়।