ইত্তেফাকের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে পানির উৎসের অভাব নেই, কিন্তু সেই পানি কতটা নিরাপদ তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফের যৌথ উদ্যোগে পরিচালিত বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০২৫-এর চূড়ান্ত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
জরিপে দেখা গেছে, দেশের ৯৮ দশমিক ৬ শতাংশ মানুষ অন্তত মৌলিক পানির সুবিধা পেলেও নিরাপদভাবে ব্যবস্থাপিত পানি পাচ্ছেন মাত্র ৩৭ দশমিক ১ শতাংশ। অর্থাৎ, নিরাপদ পানির নির্ধারিত সব শর্ত পূরণ হচ্ছে না ৬২ দশমিক ৯ শতাংশ মানুষের ক্ষেত্রে।
পরিবারের ব্যবহারের পানিতে ই-কোলাইয়ের উপস্থিতি এবং পানির উৎসে আর্সেনিকের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্ধারিত সীমা ছাড়িয়ে যাওয়ায় নিরাপদ পানি নিয়ে উদ্বেগ বাড়ছে। প্রতিবেদন অনুযায়ী, দেশের ৮৫ শতাংশ মানুষের পরিবারের ব্যবহারের পানিতে ই-কোলাই শনাক্ত হয়েছে, যা ২০১৯ সালের ৮১ দশমিক ৯ শতাংশের তুলনায় বেড়েছে।
ডব্লিউএইচও-র নির্ধারিত প্রতি লিটারে ১০ মাইক্রোগ্রাম (১০ পিপিবি) সীমার বেশি আর্সেনিকযুক্ত পানি ব্যবহার করছেন দেশের ১৫ দশমিক ১ শতাংশ মানুষ। বাংলাদেশের জাতীয় মানদণ্ড (প্রতি লিটারে ৫০ মাইক্রোগ্রাম) অনুযায়ী এই হার ৯ দশমিক ১ শতাংশ।
নিরাপদ পানির হিসাবের ক্ষেত্রে পানির উৎস বাড়ির ভেতরে বা প্রাঙ্গণে থাকা, প্রয়োজনের সময় পানি পাওয়া এবং পানিতে ই-কোলাই ও নির্ধারিত সীমার বেশি আর্সেনিক না থাকা জরুরি। জরিপে পানির গুণমান পরীক্ষার জন্য ৬ হাজার ২৯৮টি পরিবার নির্বাচন করা হয়েছিল, যার মধ্যে ৬ হাজার ১০৬টি পরিবারের পানির পরীক্ষা সম্পন্ন হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ডা. এম. রেজাউল ইসলাম ইত্তেফাককে বলেন, অপরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত উপায়ে পানি সংরক্ষণ না করার কারণে পানিতে জীবাণুর সংক্রমণ ঘটে। তিনি বলেন, আর্সেনিক ও লবণাক্ততার ঝুঁকি মোকাবিলায় নিয়মিত পানির গুণমান পরীক্ষা করা জরুরি এবং এ ক্ষেত্রে জনসচেতনতা বাড়ানোর ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।






