ইনকিলাবের প্রতিবেদন অনুযায়ী, স্বাস্থ্য খাতে টেকসই অর্থায়ন ব্যবস্থা গড়ে তোলা, চিকিৎসাব্যয় কমানো এবং দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ ও ইন্দোনেশিয়া পারস্পরিক সহযোগিতা জোরদারের সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে স্বাস্থ্য অর্থায়ন, নীতিগত সংস্কার ও কারিগরি দক্ষতা বিনিময়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে অনলাইন প্ল্যাটফর্মে দুই দেশের স্বাস্থ্য খাতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে এক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। ইনডিপেনডেন্ট টিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বৈঠকটি জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। এতে ইন্দোনেশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ড. বুদি জি. সাদিকিন। বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।

বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা নিজ নিজ দেশের স্বাস্থ্য খাতের অগ্রাধিকার, বিদ্যমান চ্যালেঞ্জ এবং স্বাস্থ্যব্যবস্থার সংস্কার নিয়ে আলোচনা করেন। বিশেষ গুরুত্ব পায় টেকসই স্বাস্থ্য অর্থায়ন ব্যবস্থা গড়ে তোলা, চিকিৎসাব্যয়ের কারণে পরিবারগুলোর আর্থিক বিপর্যয় ঠেকানো এবং সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কার্যকর কৌশল প্রণয়ন।

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের স্বাস্থ্য খাত সংস্কারের অগ্রাধিকার তুলে ধরেন। তিনি একটি টেকসই, ন্যায়সংগত ও জনবান্ধব স্বাস্থ্য অর্থায়ন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। অর্থের অভাবে কোনো নাগরিক যেন প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হন এবং চিকিৎসার ব্যয় মেটাতে কোনো পরিবার যেন দারিদ্র্যের কবলে না পড়ে, সে জন্য কার্যকর আর্থিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়।

বৈঠকে ইন্দোনেশিয়ার জাতীয় স্বাস্থ্যবিমা কর্মসূচি, স্বাস্থ্য অর্থায়ন কাঠামো এবং দরিদ্র ও নিম্ন আয়ের জনগোষ্ঠীর আর্থিক সুরক্ষা নিশ্চিত করার অভিজ্ঞতা নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতা ও প্রাতিষ্ঠানিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে দেশটির সফল উদ্যোগ ও কার্যকর পদ্ধতি কাজে লাগানোর সম্ভাবনা খতিয়ে দেখার ওপর গুরুত্ব দেন প্রতিনিধিরা।

এ ছাড়া দুই দেশের মধ্যে ধারাবাহিক ও কাঠামোবদ্ধভাবে জ্ঞান, অভিজ্ঞতা ও কারিগরি দক্ষতা বিনিময়ের প্রক্রিয়া শুরুর বিষয়েও আলোচনা হয়। ইন্দোনেশিয়ার স্বাস্থ্যমন্ত্রী ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী দুই দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে সহযোগিতা জোরদার এবং জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের বিষয়ে আগ্রহ ও অঙ্গীকার ব্যক্ত করেন।