সিলেট জেলা স্টেডিয়ামে রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা দিয়েছেন। বাসস জানিয়েছে, আগামী জানুয়ারি থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিলেটসহ দেশের ৬৪টি জেলা ক্রীড়া সংস্থাকে বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার দেওয়া হবে।
এ ক্যালেন্ডারে ফুটবল, ক্রিকেট, ভলিবল, দাবা, টেবিল টেনিস ও অ্যাথলেটিক্সসহ বিভিন্ন প্রতিযোগিতার সময়সূচি নির্ধারিত থাকবে, যাতে বছরজুড়ে খেলাধুলা মাঠে থাকে এবং এর মাধ্যমে একটি ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল জাতি গড়ে তোলা যায়।
প্রতিমন্ত্রী বলেন, দেশের ক্রীড়াঙ্গনে পরিবর্তনের যে হাওয়া লেগেছে, সিলেটের এই ফুটবল আয়োজন তারই প্রমাণ। তিনি জানান, ১২ বছর বয়সে সিলেট জেলা স্টেডিয়াম থেকেই তার ফুটবল ক্যারিয়ার শুরু হয়েছিল। তিনি আশা করেন, আগামী ৫ বছরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের চিত্রে বড় পরিবর্তন আসবে এবং ভবিষ্যতে অলিম্পিক, এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে বাংলাদেশ কেবল অংশগ্রহণ নয়, বরং পদকের জন্য লড়াই করবে।
অনুষ্ঠানে সিলেট জেলা প্রশাসককে সিলেট জেলা ক্রীড়া সংস্থাকে শক্তিশালী করতে জেলা প্রশাসকের বলিষ্ঠ ভূমিকা প্রয়োজন বলে অনুরোধ জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে আলোচনা করে সংস্থাটি নতুনভাবে ঢেলে সাজানোর আহ্বান জানিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণবিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তারা।






